প্রশাসনের সঙ্গে বৈঠকে সমঝোতা না হওয়ায় ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। তারা ক্যাম্পাসের অভ্যন্তরে বিক্ষোভ করেছেন। গতকাল প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বিকাল ৫টায় পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এর পর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে ইন্টার্নরা ধর্মঘট ডাকলেও সেবা কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটক দুজনকে কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

দুই শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে সোমবার রাত থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।  রাতেই কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল ভোর রাতে দুপুর ২টা পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে ফেরেন শিক্ষার্থীর। এরপর গতকাল বিকাল পর্যন্ত প্রশাসনের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে সমঝোতা না হওয়ায় পুনরায় ক্যাম্পাসে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। 

বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। তবে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা হামলাকারী সবাইকে গ্রেফতারের পূর্বপর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বৈঠক থেকে চলে আসেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান বলেন, হামলাকারী সব আসামি গ্রেফতার ও শিক্ষার্থী এবং ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তায় দৃশ্যমান উদ্যোগ নেয়ার পূর্ব পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব। সেবা দিতে এসে আমরা হামলা ও হয়রানির শিকার হতে চাই না।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া বলেন, আমরা ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। তাদের দাবি পূরণে আমরা এরই মধ্যে কার্যক্রম শুরু করেছি। তবে সব দাবি পূরণে কিছুটা সময় লাগবে। আমরা তাদের কাছে এ সময়টুকু চেয়েছি।

প্রসঙ্গত সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ওই রাতেই সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় দুজনকে আটক  করেছে পুলিশ।