আজ থেকে সারা দেশের শুরু হয়েছে তিন দিনের সাধারণ ছুটি। গতকাল সন্ধ্যায় ৬টা থেকে কোনোরকম শিথিলতা ছাড়াই আবারো ঢাকাসহ সারাদেশে চলছে অনির্দিষ্টকালের কারফিউ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ কারফিউ চলবে।

সোমবার সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনায় আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে। এসব পয়েন্টে রয়েছে সেনাবাহিনী। সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। 

আজ সোমবার সকালে রাজধানী ঢাকার সড়কগুলো ফাঁকা দেখা গেছে। সকাল থেকে রাস্তায় গণপরিবহন একেবারেই দেখা যায়নি। রিকশা, মোটরযুক্ত রিকশা আর ব্যাটারিচালিত অটোরিকশায় করে লোকজন গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।

কারফিউ চলাকালে বিনা প্রয়োজনে রাজধানী ঢাকার কাউকে ঘর থেকে বের না হওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। যারা কারফিউয়ের আইন ভঙ্গ করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

কারফিউর বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় শহর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হলো।