হবিগঞ্জ সদরের শতবর্ষী ‘চন্দ্রনাথ’ ও ‘টাউন মডেল স্কুল’ পুকুর ভরাট করে পৌরসভার মার্কেট নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে এ আদেশ প্রতিপালন করে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিচালকে আদালতে প্রতিবেদন দাখিল করেতে নির্দেশ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) জনস্বার্থে দায়েরকৃত এক রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র পক্ষে রিট আবেদটি করা হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এস. হাসানুল বান্না। তাকে সহযোগিতা করেন আইনজীবী তৌহিদুল আলম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তানিম খান।










