শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বিশেষ বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে ৩ হাজার ২২৫ কেজি ইলিশ রফতানি করা হয়েছে। গতকাল দুপুরে তিনটি পিকআপ ভ্যান করে এসব মাছ রফতানি করা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, মাছগুলো রফতানি করে ঢাকার যাত্রাবাড়ী এলাকার রিপা এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। সিঅ্যান্ডএফ এজেন্ট ছিল মেসার্স প্রীতম এন্টারপ্রাইজ। প্রতি কেজি ১০ ডলার দামে রফতানি করা হয়।
এর আগে, দেশে ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সংকট দেখিয়ে ২০১২ সালের পর ভারতে ইলিশ রফতানি বন্ধ করে দেয় সরকার। তবে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্ব ও সুসম্পর্ক বাড়াতে গত দুই বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতের ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে ইলিশ রফতানি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এ বছরও দুর্গা পূজা উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গে ও ত্রিপুরায় ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স প্রীতম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মনির হোসেন বাবুল বলেন, ৭৯টি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ মাছ রফতানির অনুমতি পেয়েছে। এরই আলোকে এ বন্দর দিয়ে ইলিশ রফতানি করা হলো।’










