মানিকগঞ্জে একটি পোশাক কারখানার কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ শনিবার বিকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২২ জনে।

আক্রান্ত ওই ব্যক্তি (৪৭) মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। তিনি সাটুরিয়া উপজেলায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। সর্বশেষ ২০ এপ্রিল তিনি কর্মস্থলে যান বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা লুৎফর রহমান বলেন, আক্রান্ত ব্যক্তি সর্দি নিয়ে গতকাল শুক্রবার জেলা সদর হাসপাতালে যান। চিকিৎসক তার করোনা উপসর্গ দেখলে নমুনা সংগ্রহ করে সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠানো হয়। আজ রিপোর্টে করোনাভাইরাস পজেটিভ এসেছে।

লুৎফর রহমান আরো বলেন, আক্রান্ত ওই ব্যক্তিকে নিজ বাড়িতে আইসোলশনে রাখা হয়েছে। পাশাপাশি তার সংস্পর্শে আসা পরিবারের সদস্যদের কোয়ারেন্টিনে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।