মৎস্যকে শিল্পে পরিণত করা হলে এর মূল চরিত্র হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, মৎস্য খাতে তরুণদের আগ্রহ বাড়ছে, যা অত্যন্ত ইতিবাচক। তবে মৎস্যকে শিল্প হিসেবে গড়ে তুললে এর ক্ষতিকর প্রভাব পড়বে।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ফিশারিজ এন্টারপ্রেনার সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, আন্তর্জাতিকভাবে দেখা যায়, শিল্পভিত্তিক খাদ্য উৎপাদনের অনেক ক্ষতিকর দিক রয়েছে। তাই আমি আনন্দিত যে আপনারা 'শিল্প' শব্দটি না ব্যবহার করে 'এন্টারপ্রেনার' লিখেছেন। উদ্যোক্তারা অনেক সৃজনশীল কাজ করেন, যা এ খাতের জন্য গুরুত্বপূর্ণ।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, আমরা বলি 'মাছে-ভাতে বাঙালি'। কিন্তু নতুন প্রজন্ম কি মাছ খাচ্ছে? তারা পোল্ট্রি খেয়ে অভ্যস্ত হয়ে যাচ্ছে। ডিম আর মাংস ছাড়া খেতে চায় না। তাই তাদের মাছ খাওয়ানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, ছোট মাছ খাওয়ার অভ্যাস বাড়াতে হবে। অনেক শিশু কাঁটার ভয়ে মাছ খেতে চায় না। কিন্তু কাঁটা ছাড়াই মাছ খাওয়ার চিন্তা করা ঠিক নয়। মাছকে জনপ্রিয় করতে হবে।

উপদেষ্টা ফরিদা আখতার বলেন, পানি দূষণ ও জলাশয় ভরাটের কারণে মাছ উৎপাদন হুমকির মুখে পড়েছে। আমাদের দেশে বৈচিত্র্যময় মাছ ও পরিবেশ রয়েছে। কিন্তু নদীগুলো দিন দিন দূষিত হচ্ছে, কৃষিতে কীটনাশকের ব্যবহার বাড়ছে, জলাশয়গুলোও ভরাট হয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মাছ টিকে থাকবে না।

তিনি বলেন, মাছ ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে একসঙ্গে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সঠিক পরিকল্পনা প্রয়োজন।

মৎস্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়া হায়দার চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বিজম্যান মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান। আলোচনায় অংশ নেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সুরাইয়া আখতার জাহান, বিজম্যান মিডিয়া লিমিটেডের প্রধান উপদেষ্টা মো. আবু বকর সিদ্দিক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মান্নান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।