জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে আন্দোলনকারীদের উপস্থিতিতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি মিটিংয়ে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

তিনি আরো বলেন, কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। তাদের দাবির প্রেক্ষিতে আমরা আজ কর্মকর্তা, কর্মচারীদের নেতাদের সঙ্গে আলোচনা করি। আলোচনায় তারা শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা নিয়ে পোষ্য কোটা বাতিলের মত দেন।

এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পোষ্য কোটার সুযোগ সুবিধা পুনর্বহালের দাবিতে বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। পরে দুপুর ২টায় কোটা বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করে৷ মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে এবং পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে জাবি উপাচার্য সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পোষ্য কোটা ইস্যু সমাধানে ৪ ঘণ্টার সময় চান। পরে টানা ৭ ঘণ্টা মিটিং শেষে এই সিদ্ধান্ত আসে৷