জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে মা-বোনদের কী হবে? যারা বিভিন্ন ধর্মের মানুষ তাদের কী হবে? নারীরা কি চাকরি করতে পারবে? এসব বিষয় নিয়ে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যার মেধা আছে, প্রয়োজন আছে, সমাজে সব করবে, সভ্যতার চাকা ঘোরানোর জন্য সমানতালে তারা অংশগ্রহণ করবে। এর সঙ্গে তারা দুইটা বাড়তি জিনিস ভোগ করবে, যেটা এখন তারা পান না, একটা সমাজে তাদের প্রাপ্ত সম্মানটুকু দেয়া হয় না, আরেকটা কর্মক্ষেত্রে তাদের কোনো নিরাপত্তা নাই। ইনশা আল্লাহ সম্মান ও নিরাপত্তা দুটোই তাদের নিশ্চিত করা হবে। তারা উচ্চশিক্ষা নেবেন তাদের মেধা অনুযায়ী, সমাজের অগ্রগতি উন্নতিতে কাজ করবেন তাদের যোগ্যতা অনুযায়ী।’

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের বাফেলোতে ‘বাংলাদেশ আমেরিকান কমিউনিটি, বাফেলো’ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

প্রবাসীদের ভোট দেয়ার অনুরোধ জানান জামায়াতের আমির। তিনি বলেন, ‘যত বাংলাদেশী প্রবাসী নিবাসী এখানে আছেন, তাদের সবাইকে ভোট নিশ্চিত করতে সহযোগিতা করবেন। এটা দেখবেন না সে কোন ধর্মের, কোন দলের। আমরা সবার অধিকারটা দিতে চাচ্ছি।’

বাংলাদেশের যত শতাংশ নাগরিক প্রবাসে থাকেন, জাতীয় সংসদে সেই শতাংশ প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করবেন বলে জানান শফিকুর রহমান।