কক্সবাজারের চকরিয়ায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার পূর্ব বড় ভেওলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তিনটি অস্ত্র, ছয় রাউন্ড গুলি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার র্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর শেখ ইউসুফ আহমেদ। তিনি জানান, পূর্ব বড় ভেওলা এলাকায় একটি সংঘবদ্ধ দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন খবরে অভিযানে যায় র্যাব। র্যাবের অবস্থান টের ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়লে র্যাবও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত আটক করা হয়। এছাড়া আরো দুজনকে পড়ে থাকতে দেখা যায়। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ঘটনাস্থল তল্লাশি করে তিনটি দেশীয় তৈরি অস্ত্র, ছয় রাউন্ড গুলি, চার রাউন্ড কার্তুজসহ নানা সরঞ্জাম উদ্ধার করা হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।