কক্সবাজার বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী পর্যটক। তিনি অভিযোগ করেন, স্বামী-সন্তানকে জিম্মি করে হত্যার ভয় দেখিয়ে তাকে তুলে নিয়ে ধর্ষণ করে তিন ব্যক্তি। খবর পেয়ে কক্সবাজার হোটেল-মোটেল জোনের জিয়া গেস্ট ইন নামের রিসোর্ট থেকে বুধবার রাত দেড়টার দিকে তাকে উদ্ধার করে র‍্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‍্যাব-১৫-এর সিপিসি কমান্ডার মেজর মেহেদী হাসান।

ভুক্তভোগী ওই নারী জানান, বুধবার সকালে রাজধানীর যাত্রাবাড়ী থেকে স্বামী-সন্তানসহ কক্সবাজার বেড়াতে আসেন। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে। সেখান থেকে বিকালে যান সৈকতের লাবণী পয়েন্টে। সেখানে অপরিচিত এক যুবকের সঙ্গে ধাক্কা লাগে তার স্বামীর। এ নিয়ে ওই যুবকের সঙ্গে তার স্বামীর কথা কাটাকাটি হয়। এর জের ধরে সন্ধ্যার পর পর্যটন গলফ মাঠের সামনে থেকে তার আট মাসের সন্তান ও স্বামীকে কয়েকজন মিলে নিয়ে যায়। পরে তাকে একটি সিএনজি অটোরিকশাযোগে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে দুর্বৃত্তরা।