খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হয়েছে।
এর মধ্যে গত মার্চে স্থগিত হয়ে যাওয়া পরীক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে।
শিক্ষার্থীরা হলের বাইরে থেকেই এসব পরীক্ষায় অংশ নিচ্ছেন।
গতকাল দুপুরে খুবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক এসএম আতিয়ার রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ হোসেন গত ২৫ মে দায়িত্ব গ্রহণের পর ৩০ মে একাডেমিক প্রধানদের সভায় শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনার আলোকে নিজ নিজ ডিসিপ্লিনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, মাস্টার্সের চূড়ান্ত পর্বের পরীক্ষা ছাড়াও স্নাতক চতুর্থ বর্ষের স্পেশাল টার্মের পরীক্ষা গ্রহণেরও অনুমোদন দেয়া হয়েছে।
তিনি জানান, করোনা পরিস্থিতির উন্নতি হলেই স্নাতক চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণের বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নিয়ে ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
তবে এক্ষেত্রে সশরীরে পরীক্ষা গ্রহণ সম্ভব না হলে যত দ্রুত সম্ভব অনলাইনে চূড়ান্ত পরীক্ষা গ্রহণের প্রস্তুতিও নেয়া হচ্ছে।









