সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনের নমনীয়তা ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নিল আন্দোলনরত শিক্ষার্থীরা। টানা পাঁচ দিন অবস্থান ও আমরণ অনশন কর্মসূচি এবং দুই দিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে দায়িত্বপ্রাপ্ত উপাচার্যসহ শিক্ষক-কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার পর গতকাল দুপুর ১২টার দিকে ভবনের তালা খুলে দিয়ে অবরোধ কর্মসূচি তুলে নেয়া হয়। সে সঙ্গে অবস্থান কর্মসূচি কিছুটা শিথিল করা হয়েছে। গতকাল দুপুর ১২টার দিকে প্রেস ব্রিফি করে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে অবরোধ তুলে নিলেও ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এ ৪৮ ঘণ্টার মধ্যে তাদের একমাত্র দাবি ফারহানা ইয়াসমিন বাতেনকে স্থায়ীভাবে বরখাস্ত করা না হলে পুনরায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ১৪ ছাত্রের মাথার চুল কেটে দেয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে এরই মধ্যে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আন্দোলনের মুখপাত্র অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এ কে এম নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল সকাল ৮টার দিকে  মোবাইল ফোনে শিক্ষামন্ত্রী আমাদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষামন্ত্রী আমাদের আন্দোলন বন্ধ করার আহ্বান জানান ও তার ওপর আস্থা রাখতে বলেন। পরে শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন। আমরা শিক্ষামন্ত্রীর আশ্বাসে ও তদন্ত কমিটির ওপর আস্থা রেখে আপাতত সব ধরনের অবরোধ ও আন্দোলন স্থগিত করছি। তবে যদি আমাদের দাবি না মানা হয় সেক্ষেত্রে আমরা আবার আন্দোলনে যাব।

নাজমুল আরো জানান, বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভায় অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ছাত্রদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চালু রেখে শুধু পরীক্ষা স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। সে সঙ্গে তদন্ত প্রতিবেদন সোমবারের মধ্যে দেয়ার কথা বলেছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান শিক্ষামন্ত্রী। এর পরই মূলত অবরোধ কর্মসূচি তুলে নিয়ে অন্যান্য কর্মসূচিতে শিথিলতা আনা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার হলে প্রবেশের সময় ১৪ জন শিক্ষার্থীর মাথার চুল কেটে দেন বিভাগীয় চেয়ারম্যান এবং সহকারী প্রক্টর ফারহানা ইয়াসমিন বাতেন। এ ঘটনায় বিভাগের প্রথম বর্ষের ছাত্র নাজমুল হোসেন তুহিন ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। এরই পরিপ্রেক্ষিতে ২৮ সেপ্টেম্বর রাতে অভিযুক্ত শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেন দায়িত্বে থাকা তিনটি পদ থেকে পদত্যাগ করেন।