ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পূর্ব শত্রুতার জেরে বিয়ে বাড়িতে প্রতিপক্ষের হামলায় আব্দুল খলিল মিয়া (৫৫) ও তার ছেলে মো. আসিফ (২০) নামে ২ জন গুলিবিদ্ধ হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বড়িকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত খলিল মিয়া নবীনগর উপজেলার বড়িকান্দি পশ্চিম পাড়া গ্রামের হিরু মিয়ার ছেলে। সন্ধ্যায় পরিবারের সদস্যরা আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেছেন।
নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সকালে খলিল মিয়া তার ছেলেকে নিয়ে ভাতিজার বিয়ে বাড়িতে যায়। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের মনাক ডাকাত ও তার ছেলেরা বিয়ে বাড়িতে গুলি চালায়। ঘটনাস্থলে বাবা-ছেলে গুলিবিদ্ধ হন। পরে আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরো বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। মনাক ডাকাতের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।










