সাধারণ মানুষজন যেন কেন্দ্র গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এটা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী র‌্যাব দৃঢ়ভাবে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় র‌্যাব ৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এম খুরশীদ হোসেন বলেন, ‘জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের অধীন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উনারা যেভাবে পরিচালনা করেন, আমরা সেভাবে দায়িত্ব পালন করব। আমাদের দায়িত্ব মূলত হবে, সাধারণ মানুষ যেন ভোটকেন্দ্রে গিয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আইনশৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। আমরা সেটা দৃঢ়ভাবে করব। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমরা মানসিকভাবে তৈরি আছি।’

তিনি বলেন, ‘র‌্যাবের মূলত দেশের জনগণের নিরাপত্তা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ কাজ করে। এদেশে যাতে জঙ্গি স্থায়ী না হতে পারে এবং সন্ত্রাসীগোষ্ঠী তাদরে আধিপত্য বিস্তার করতে না পারে সে লক্ষেও র‌্যাব কাজ করে যাচ্ছে। তাই র‌্যাবের প্রতি দেশের মানুষের আস্থা ও বিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ’

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মো. মাহাবুব আলম, (র‌্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকারসহ অনেকে।