আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টায় মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে আয়োজিত এ মতবিনিময় সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, র‍্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ইজতেমা মাঠের সংঘাত পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিগগিরই ইজতেমা ময়দানে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে। তবে সংঘর্ষে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিনি আরো জানান, নির্ধারিত সময় অনুযায়ী ইজতেমা ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইজতেমা ময়দানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে কাজ করছে।

ইজতেমা ময়দানের সংঘর্ষ নিয়ে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের সঙ্গে আলাদাভাবে আলোচনা করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।