লক্ষ্মীপুরে ২০০ টাকা পাওনার জন্য বৃদ্ধ লোকমান হোসেন (৬৩) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে পিটিয়ে ও গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা ওই বৃদ্ধকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোকমান হোসেন একই গ্রামর চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী মুরাদ ও ব্যবসায়ী মাসুদ জানান, চর রুহিতা গ্রামের সিরাজ উল্যা পালোয়ানের ছেলে খোরশেদের অটোরিকশা দৈনিক জমা হিসেবে চালাতেন লোকমান হোসেন। কিছুদিন আগে খোরশেদের রিকশা চালানো বন্ধ করে অন্য মালিকের রিকশা চালানো শুরু করেন তিনি। লোকমানের কাছে খোরশেদের ২০০ টাকা পাওনা ছিল বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে লোকমানকে রাস্তায় গতিরোধ করে পাওনা টাকা চান খোরশেদ। টাকা পরে দেয়ার কথা বললে খোরশেদ লোকমানকে এলোপাতারি পিটিয়ে মাটিতে ফেলে দেন। এক পর্যায়ে তার বুকের উপর উঠে গলা টিপে হত্যা শ্বাসরোধ করেন। এসময় স্থানীয়রা এগিয়ে এলে খোরশেদ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
বাবার হত্যার বিচার চেয়ে হাসপাতালের বারান্দায় সাংবাদিকদের সামনে কান্নায় ভেঙে পড়েন নিহতের ছেলে তাকিব হোসেন। তিনি বলেন, মাত্র ২০০ টাকার জন্য আমার বাবাকে পিটিয়ে ও গলা টিপে হত্যা করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন বলেন, খোরশেদ ও লোকমানের মধ্যে ২০০ টাকা নিয়ে হাতাহাতি করতে গিয়ে লোকমান নিহত হয়েছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।










