কক্সবাজারের নাফ নদীতে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশী দুই জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে নাফ নদীর নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জেলেরা হলেন টেকনাফের শাহপরীরদ্বীপ দক্ষিণ পাড়ার মোহাম্মদ ছিদ্দিকের ছেলে মোহাম্মদ ফারুক (২৫) ও উত্তর পাড়ার আলী আহমদের ছেলে মোহাম্মদ ইসমাইল (২০)। তারা শাহপরীর দ্বীপ মাঝের পাড়ার ছিদ্দিকের ট্রলার নিয়ে মাছ ধরা শেষে নাফ নদী দিয়ে তীরে ফিরছিলেন। আহত জেলেদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এদের মধ্যে ফারুকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।
ট্রলারের মাঝি মোহাম্মদ ইউসুফ জানান, সেন্টমার্টিনসংলগ্ন সাগরে মাছ ধরা শেষে শাহপরীর দ্বীপ ঘাটে ফিরছিলেন তারা। এ সময় নাইক্ষ্যংদিয়া অংশে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ তাদের অতিক্রম করছিল। ওই জাহাজ থেকে হঠাৎ তাদের ট্রলার লক্ষ্য করে গুলি চালানো হয়।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, এফবি মায়ের দোয়া নামের একটি ট্রলারে মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে দুজন আহত হয়েছেন। এ ঘটনার পর সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।










