কক্সবাজারের চকরিয়া উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন নোবেল সিকদারকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১০ জন। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মুবিনপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। নিহত নাসির উদ্দিন নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ার মৃত আব্দুল খালেক সিকদারের ছেলে। এর আগে চট্টগ্রাম ওমর গণি এমইএস কলেজছাত্র সংসদের সমাজকল্যাণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ছিলেন বলেও জানা গেছে।

এ ঘটনায় আহতরা হলেন জাফর আলম, জাহিদুল ইসলাম, সরোয়ার হোসেন, মোহম্মদ শফি, আজিজুল হক, মিজানুর রহমান, আবুল কালাম, নুরুল কাদের। তারা সবাই একই ইউনিয়নের সিকদার পাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এদিন সকালে নাসির উদ্দিনের চাষা (কৃষি শ্রমিক) আকতার আহমদ মুবিনপাড়ার জমিতে চাষ করতে যান। এ সময় এনাম নামের এক ব্যক্তি তাকে মারধর করে জমি থেকে উঠিয়ে দেয়। পরে খবর পেয় নাসির উদ্দিন দলবল নিয়ে ঘটনাস্থলে যান। ওই সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই এনামুল হক, রুবেল, লুত্ফুর ও আলাউদ্দিনের নেতৃত্বে এক দল বন্দুকধারী অতর্কিত গুলি ছোড়ে। এ সময় ঘটনাস্থলে প্রাণ হারান সাবেক ছাত্রলীগ নেতা ও চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন। আহত হন আরো নয়জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

হত্যাকাণ্ডের ঘটনায় পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দিয়ারচর এলাকার মৃত নাদের হোসেনের ছেলে হেলাল উদ্দীন ও মৃত আলি হোসেনের ছেলে নাছির উদ্দীনকে আটক করেছে পুলিশ।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফয়সাল জানিয়েছেন, গুলিবিদ্ধদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকের মোহাম্মদ যুবায়ের জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের গুলিতে নাসির উদ্দিন নোবেল নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন নয়জন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।