দেশের পাঁচ জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল করেছে সরকার। জেলাগুলো হলো পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসরীন সুলতানা।
এতে বলা হয়, ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আবু সাইমকে পঞ্চগড়ের পুলিশ সুপার, পঞ্চগড় থেকে প্রত্যাহার করা পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মনিরুল ইসলামকে মৌলভীবাজারের পুলিশ সুপার, মৌলভীবাজার থেকে প্রত্যাহার করা পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি, মিডিয়া) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীর পুলিশ সুপার, নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডির পুলিশ সুপারের দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি, প্রসিকিউশন) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহের পুলিশ সুপার, ঝিনাইদহ থেকে প্রত্যাহার করা পুলিশ সুপার মো. মাহফুজ আফজালকে এপিবিএনে, সিআইডির বিশেষ পুলিশ সুপার (ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলি আদেশপ্রাপ্ত) প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর পুলিশ সুপার, সিএমপির উপ-পুলিশ কমিশনার (ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এবং পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত) মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার রাজীব ফরহানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে সংযুক্ত করা হয়েছে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে।










