পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ব্যাটারিচালিত ভ্যানের ব্যাটারি চার্জ দিতে গিয়ে রবিউল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত গ্রামে। তিনি ওই গ্রামের চানু মিঞার ছেলে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের মূর্খাজোত গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান রবিউল দিনভর ভ্যান চালানোর পর বুধবার রাতে তার ব্যাটারিচালিত ভ্যান চার্জ দিতে যান। এ সময় ইলেকট্রিক সুইচ প্লাগের বৈদ্যুতিক তারে সংযোগের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে যান রবিউল। তখনই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া থানার ওসি এনায়েত কবির জানান, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে । মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।










