চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে হঠাৎ শিয়াল উঠে আসায় প্রায় ২৬ মিনিট উড্ডয়ন বিলম্বিত হয়েছে ঢাকাগামী ইউএস–বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। বুধবার (১৯ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল বণিক বার্তাকে বলেন, ইউএস–বাংলার ইউএস-১০৬ ফ্লাইটটি সকাল ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য রানওয়েতে অবস্থান নিয়েছিল।

ঠিক সেই মুহূর্তেই পাইলট নিয়ন্ত্রণ টাওয়ারে বার্তা পাঠিয়ে জানান, রানওয়েতে কোনো প্রাণী চোখে পড়ছে। বার্তা পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত রানওয়ে পরিদর্শনকারী গাড়ি পাঠায়। সেখানে দেখা যায়, এক জঙ্গল থেকে ছুটে এসে একটি শিয়াল রানওয়ের মাঝামাঝি উঠে এসেছে। জরুরি ভিত্তিতে পরিদর্শনকারী দল গাড়ি দিয়ে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে খালি করে। এরপর পরিষ্কার নির্দেশনা পাওয়ার পর দুপুর ১২টা ৬ মিনিটে ফ্লাইটটি ঢাকা উদ্দেশে উড্ডয়ন করে।

বিমানবন্দরের মুখপাত্র মোহাম্মদ ইব্রাহীম বলেন,'প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে নিয়মমাফিক রানওয়ে পরীক্ষা করা হয়। আজ সকালেও রানওয়ে ক্লিয়ার ঘোষণা করা হয়েছিল। কিন্তু উড্ডয়ন শুরুর আগমুহূর্তে হঠাৎ করেই পাশের জঙ্গল থেকে একটি শিয়াল দ্রুত দৌড়ে রানওয়েতে চলে আসে। খবর পাওয়ার পরপরই ব্যবস্থা নেওয়া হয়।'

তিনি জানান, রানওয়ের দুই পাশে ঘন জঙ্গল থাকায় মাঝে মাঝে বন্য শিয়াল, সাপ বা কুকুর প্রবেশের ঘটনা ঘটে। এ ধরনের ঝুঁকি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়মিত জঙ্গল পরিষ্কার, কুকুর ধরার অভিযান এবং জনবসতিমুক্ত এলাকায় প্রাণী সরিয়ে নেয়ার কাজ করে থাকে। সিটি করপোরেশনের সহায়তায় কুকুর ধরে বিমানবন্দর এলাকা থেকে দূরের স্থানে নিয়ে যাওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, উড্ডয়ন বা অবতরণের সময় রানওয়েতে কোনো প্রাণী দেখা গেলে তা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে। যান চলাচল হওয়া অবস্থায় রানওয়েতে বন্যপ্রাণীর উপস্থিতি পাইলটের মনোযোগ বিঘ্নিত করে এবং জরুরি ব্রেকিং প্রয়োজন হলে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। আজকের ঘটনা বড় ধরনের ঝুঁকি তৈরি না করলেও নিয়মিত নজরদারি ও জঙ্গল পরিষ্কার কার্যক্রম জোরদার করার তাগিদ দিয়েছেন।