জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের এমপি প্রার্থী জিএম কাদের বলেছেন, ‘আমাদের মামলার ভয় দেখিয়ে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে সরকার। তবে তারা সফল হতে পারবে না।’
বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর মুন্সিপাড়ায় কেরামতিয়া জামে মসজিদে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘অন্তর্বর্তী সরকার আমার বিরুদ্ধে কোথায় যে কত মামলা দিয়েছে তা আমি গুনে হিসাব রাখতে পারছি না। আর এসব মিথ্যা মামলার কথা বলে আমাকে গ্রেফতার করার কথা বলা হচ্ছে। যারা মামলা দিয়েছেন আর যারা বলছেন তারাও জানেন এসবই মিথ্যা, ভুয়া ও গায়েবি; যার সঙ্গে আমার দূরতম সম্পর্ক নেই। শুধু তা-ই নয়, সারা দেশে যেখানে আমাদের দলের নেতাকর্মীদের নামে যত মামলা হয়েছে সবই মিথ্যা মামলা। এসব মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে দূরে সরিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে।’
জাপা নেতা বলেন, ‘জামায়াত ও তাদের বট বাহিনী আর একটি পত্রিকা “আমার দেশ” সার্বক্ষণিক আমার বিরুদ্ধে মিথ্যা কথা প্রচার করছে। আমি ২৫ বছর দেশের গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছি, হাজার হাজার কোটি টাকা আমার হাত দিয়ে গেছে। ৯০-এর পর আমাকে ফাঁসানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কোনো দুর্নীতি খুঁজে পায়নি। একইভাবে ৩০ বছর ধরে রাজনীতি করছি, মন্ত্রী ছিলাম; কোনো দুর্নীতি করিনি।’
তিনি বলেন, ‘গণভোটে আমি না ভোট দিতে এ জন্য বলেছি, আমি সংস্কারের বিপক্ষে নই। এ দেশে সংস্কারের বড় কারিগর আমাদের নেতা এরশাদ। আমি মনে করি, এ সরকার নির্বাচিত সংসদকে পাশ কাটিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করে ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে।’
এর আগে রাতেই ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করলে দলের নেতাকর্মীরা জি এম কাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। এরপর রংপুরে এসে তিনি মুন্সিপাড়া কবরস্থানে তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন। পরে তার বড় ভাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের কবর জিয়ারত করেন। এ সময় মহানগর জাপার সাধারণ সম্পাদক এসএম ইয়াসির জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবুসহ দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।










