নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া এলাকায় র্যাবের ওপর হামলা মামলার প্রধান অভিযুক্ত মাদক কারবারি বজলু মেম্বারসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতািবার রাতে ও গতকাল দুপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার অন্য দুজন হলো মোঃ সানি (১৯) ও শ্রাবণ (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১-এর সিও আব্দুল মমিন। তিনি জানান, বজলু র্যাবের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি। তার বিরুদ্ধে এলাকায় গ্যাং সৃষ্টি করে মাদক ব্যবসা নিয়ন্ত্রণসহ নানা অভিযোগ রয়েছে।
র্যাব জানায়, গত ২৭ সেপ্টেম্বর ঢাকার উত্তরার র্যাব-১-এর একটি অভিযানিক দল রূপগঞ্জের থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় রূপগঞ্জ থানার চনপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ঘটনাস্থলে আইনি কার্যক্রম শেষে গাড়িতে ওঠার সময় আসামিদের কতিপয় সহযোগী মাইকিংয়ের মাধ্যমে ডাকাত ডাকাত বলে গুজব ছড়িয়ে ৪০০-৫০০ লোক জড়ো করে। তার আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ রাস্তার পাশে আগুন জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ সময় র্যাব সদস্যদের অবরুদ্ধ করে হামলা চালায়। ওই ঘটনায় র্যাব বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করে। পরবর্তী সময়ে র্যাব-১১-এর সিপিএসসির গোয়েন্দা টিম এ ব্যাপারে ছায়া তদন্ত করে তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।










