লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মামলায় মো. মহসীন (৩২) নামের এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় আরো ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়।  গতকাল দুপুরে লক্ষ্মীপুর জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. জসীম উদ্দীন রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আনিসুর রহমান আজাদ (৪৫) নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় তার স্ত্রী সেলিনা আক্তার বাদী হয়ে ২০১৯ সালের ৮ জুলাই অভিযুক্ত মহসিনের বিরুদ্ধে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।

রায়ের সময় আসামি মহসীন আদালতে অনুপস্থিত ছিলেন। এর আগে তিনি হাইকোর্ট থেকে জামিনে বের হয়ে পলাতক ছিলেন।

নিহত আজাদ জেলার রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নের নন্দীয়ারা গ্রামের জব্বর আলী মুন্সি বাড়ির মৃত মৌলভী রফিকুল ইসলামের ছেলে। দণ্ডপ্রাপ্ত আসামি একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে।