রাজধানীর মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠিত বিক্ষোভের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানেও একই দাবিতে মানববন্ধনের খবর পাওয়া গেছে।
গতকাল সকালে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে আয়োজিত অবস্থান কর্মসূচি চলাকালীন দুপুর ১২টায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সাত দফা দাবি তুলে ধরেন প্লাটফর্মটির আহ্বায়ক নুরু নবী মানিক। দাবিগুলো হলো নিয়োগকৃত চেয়ারম্যান খুরশীদ আলমকে প্রত্যাহার করা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহাল, ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ইসলামী ব্যাংকের পর্ষদে না রাখা, ব্যাংক রেজল্যুশন অ্যাক্ট থেকে ১৮(ক) ধারা বাতিল করা, এস আলমের দখলকৃত মালিকানা এবং দেশে থাকা তার সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয় করা, এস আলম যাতে কোনো ব্যাংকেই ফিরতে না পারেন সে ব্যবস্থা করা এবং ইসলামী ব্যাংকসহ সব ব্যাংক লুটকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া।
সংবাদ সম্মেলনে নুরু নবী মানিক বলেন, ‘গত রাতে (সোমবার) ব্যাংকের ব্যবস্থাপকদের বাদ দিয়েই অনলাইনে অনুষ্ঠিত পর্ষদ সভা ও তার সব সিদ্ধান্ত অবৈধ।’
এর আগে সোমবারের বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাসের শেল ও জলকামানের পানি নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত ১৫ জন বিক্ষোভকারী আহত হন। পরবর্তী সময়ে বিক্ষোভকারীরা মানববন্ধনও করেন।
গত ২৪ মে ঈদুল আজহার ছুটি শুরুর আগের শেষ কর্মদিবসে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এ নিয়োগ নিয়ে গ্রাহকদের অনেকে অসন্তোষ প্রকাশ করেন। গত সোমবার ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে ব্যাংকের প্রধান কার্যালয়ে চেয়ারম্যানের যোগদান ও পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে গ্রাহকদের আন্দোলনের মুখে খুরশীদ আলম ব্যাংকে প্রবেশ করতে পারেননি এবং সে সভাও সশরীরে অনুষ্ঠিত হয়নি। রাত ৯টায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতিনিধিদের অনুপস্থিতিতে অনলাইনে পর্ষদ সভা করেন নতুন চেয়ারম্যান খুরশীদ আলম।
নতুন চেয়ারম্যানের নিয়োগ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, ‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে মো. খুরশীদ আলমের নিয়োগ বৈধ। কেন্দ্রীয় ব্যাংক তাদের সিদ্ধান্তকে সঠিক মনে করে। কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করবে না।’
এদিকে ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলম ঋণখেলাপি কিনা, এ নিয়ে গতকাল বিভিন্ন মহলে আলোচনা ছিল। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলেন, ‘খুরশীদ আলম নিজে ঋণখেলাপি নন, তার স্ত্রীর মালিকানাধীন একটি প্রতিষ্ঠান ঋণখেলাপি। স্ত্রীর ঋণখেলাপির কারণে খুরশীদ আলমের চেয়ারম্যান হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।’










