জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন তিন নেতা। তারা হলেন যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ, যুগ্ম মুখ্য সংগঠক (উত্তর অঞ্চল) হানিফ খান সজিব ও যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুজ জাহের।
বৃহস্পতিবার (৬ মার্চ) এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর তিনজনই পৃথক পদত্যাগপত্র পাঠিয়েছেন। প্রত্যেকেই পত্র ব্যক্তিগত কারণে দলীয় পদ থেকে পদত্যাগের কথা লিখেছেন।
এ বিষয়ে এনসিপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বণিক বার্তাকে বলেন, নতুন দলের দরজা ফ্যাসিস্ট ছাড়া আমরা সব দল-মত-পথের মানুষের জন্য খোলা রেখেছিলাম। এনসিপির আত্মপ্রকাশ উপলক্ষে অনেকগুলো রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারাই আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। সে রকমই গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদদের ৮-১০ জন যোগাযোগ করেছিল (এখনো করছেন অনেকে)। তার মধ্যে চারজন দলে যোগ দেন। এখন আবার কোনো আলোচনা ছাড়াই তারা পদত্যাগ করেছেন।
তিনি আরও বলেন, মূলত গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্যরা রাজনৈতিক সিদ্ধান্তহীনতায় ভুগছেন অথবা ইচ্ছাকৃতভাবে এগুলো করেছেন। তাদের এ রকম আচরণ রাজনৈতিক অপরিপক্বতার উদাহরণ।










