নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দেশ পরিচালনার নামে যারা লুট করেছে তারা এখন বিদেশে, যারা দুর্নীতি করেছে তারা এখন কারাগারে; তারাই আবার বর্তমান সরকারকে হটাতে পার্টি অফিসের গেটে বসে আন্দোলন করে। অনিয়ম-দুর্নীতি কাউকে ছাড় দেয় না। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশের মানুষের মাঝে শান্তি ফিরেছে। তারই প্রতিচ্ছবি স্বপ্নের পদ্মা সেতু।’
আজ শনিবার দুপুরে লক্ষ্মীপুরের মজু চৌধুরীরহাট এলাকায় ঢাকা-লক্ষ্মীপুর নৌপথের ২৫ কিলোমিটার খনন কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, পদ্মা সেতু নির্মাণ বর্তমান সরকারের জন্য ছিল একটি চ্যালেঞ্জ। আমরা তাতেও সফল হয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন। ইমান ও দেশপ্রেম থাকলেই তা সম্ভব। অথচ ওই লুটতরাজ বিএনপি নেত্রী, এতিমের টাকা আত্মসাতকারী খালেদা জিয়া বলেছিলেন, এটা কখনো সম্ভব না। ক্ষমতার মোহে এতিমের ৩ কোটি টাকা যে প্রধানমন্ত্রী হিসেবে আত্মসাত করতে পারেন, তার জন্য পদ্মাসেতু নির্মাণ কীভাবে সম্ভব? এতিমের টাকা লুটকারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার আরো বেশি সাজা হওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ।
বুড়িগঙ্গা, ধলেশ্বরী এবং মেঘনা (লোয়ার) নদীর ওপর দিয়ে ঢাকা থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নৌপথের দূরত্ব ১২৫ কিলোমিটার। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীতে বর্তমানে কোন নাব্যতা সংকট নেই। মেঘনা (লোয়ার) নদীতে লক্ষ্মীপুরের মজু চৌধুরীরহাট সংলগ্ন এলাকায় কিছু স্থানে নাব্যতা সংকট রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মেঘনা (লোয়ার) নদীর উক্ত চ্যানেলে ২৫ কিলোমিটার নৌপথ খনন করবে। এ বছরের ডিসেম্বরে শুরু হয়ে ২০২২ সালের ডিসেম্বরে খনন কাজ শেষ হবে। দু'বছরে ৩১ লাখ ঘনমিটার খনন কাজে ব্যয় হবে প্রায় ৫০ কোটি টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনীর প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড এবং বিআইডব্লিউটিএ'র নিজস্ব ড্রেজার দিয়ে খনন কাজ সম্পন্ন করা হবে।
এই খননকাজ উদ্বোধন করে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, শেখ হাসিনা আজকে দেশ পরিচালনার দায়িত্বে আছে বলেই বাংলাদেশ মর্যাদার জায়গায় চলে গেছে। এ মর্যাদার জায়গাটি ধরে রাখতে হবে। ২০৪১ সালে দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে ও ‘ডেলটা প্ল্যান’ বাস্তবায়নে শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে।
বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক পিংকু এবং সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন।










