নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার দিবাগত রাত ১০টা ৮ মিনিটে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (এ আইজি) জান্নাত উল ফরহাদ বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার হাইকোর্টের ক্রিমিনাল মিস নং-১৩৪১২/২৬ এবং নারায়ণগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্মারক নং-৭৭৩ অনুযায়ী জামিনের আদেশ কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়। এছাড়া নারায়ণগঞ্জ জেলা কারাগারের স্মারক নং-১৪৫৭ অনুযায়ী নারায়ণগঞ্জের ৯টি মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিনের বিষয়টি নিশ্চিত করা হয়।

তিনি আরো জানান, ডা. আইভীর বিরুদ্ধে অন্য কোনো আটকাদেশ না থাকায় বুধবার রাত ১০টা ৮ মিনিটে তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি দেয়া হয়েছে।