রাজধানীর শাহবাগ লাশের মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। রোববার (৪ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩টি লাশ কাঁধে নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্য দিয়ে শাহবাগে আসেন তারা। সেখানে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশকে উদ্দেশ্য করে ঢিল ছুড়ে।  জবাবে পুলিশ মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।  এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। লাশ কাঁধে নিয়ে কাঁটাবনের দিকে চলে যায় বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা জানান, রাজধানীর বিভিন্ন এলাকার সংঘর্ষ থেকে ঢামেক হাসপাতালে ৫টি লাশ আসে। সেখান থেকে তিনটি লাশ নিয়ে মিছিল করেন তারা। 

সন্ধ্যায় ৭ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করছেন।