সিরাজগঞ্জে ইটভাটার চুলার দেয়াল ধসে শহীদুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুই শ্রমিক। নিহত শহীদুল ইসলাম সদর উপজেলার ফুলকোচা গ্রামের মজিবর রহমানের ছেলে। গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ঘোড়াচরা এলাকার সোনালী ইটভাটায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চক মিরাকোল গ্রামের মৃত আব্দুল গনির ছেলে আবুল হোসেন ও একই এলাকার বাসিন্দা আব্দুস সালাম (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটার মালিক প্রিন্স দীর্ঘদিনের পুরাতন সোনালী ইটভাটার চুলা সংস্কার না করেই ইট পোড়ানোর কাজ করছিল। গতকাল সকালে পাঁচ-ছয়জন শ্রমিক চুলার ভেতর থেকে পোড়ানো ইট বের করার কাজ করছিলেন। এ অবস্থায় চুলার দেয়াল ধসে পড়লে তিন শ্রমিক তার নিচে চাপা পড়েন।

এ সময় তাদের অন্য শ্রমিক ও স্থানীয়রা উদ্ধার করেন। এতে ঘটনাস্থলেই শহীদুল ইসলাম নামের একজন মারা যান। গুরুতর আহত আবুল ও সালামকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।