গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনে গেলে ফ্যাসিবাদ আবারো ফিরে আসবে। তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা যুক্ত ছিলাম, আমরা সবাই মিলে জাতীয় পার্টির বিষয়ে একটা ফয়সালা করতে হবে। কারণ কিছু দিন আগে জিএম কাদের বলেছেন, আওয়ামী লীগ ছাড়া এদেশে কোনো নির্বাচন হতে পারে না। এ কথা বলার পরেও তিনি কিভাবে বাসায় ঘুমাতে পারেন, এটা আমার বোধগম্য নয়।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ইনস্টিটিউটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর আরো বলেন, জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। তাদের সহায়তা নিয়েই আওয়ামী লীগ ফ্যাসিজম কায়েম করেছিল। জাতীয় পার্টি নির্বাচনে যাওয়ার সুযোগ পেলেই তারা আওয়ামী লীগের সহায়তা নিয়ে আন্তর্জাতিকভাবে নির্বাচনকে বানচাল করতে নানা অপকর্ম করার চেষ্টা করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আরো ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, মাওলানা আব্দুল হালিম, আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিশের ড. আহমদ আব্দুল কাদির, এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য আকবর খান, জাতীয় গণতান্ত্রিক পার্টি - জাগপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।










