মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে একটি মহল দেশে ফের নৈরাজ্য সৃষ্টির জন্য পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নৈরাজ্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন। বিএনপির গঠিত ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি’-এর উদ্যোগে এ আলোচনা সভা হয়। এ সময় মওলানা ভাসানীর জীবনাদর্শ বিএনপির নেতাকর্মীদের অনুসরণ করার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল (আজ) ফ্যাসিস্ট হাসিনার গণহত্যার রায় বেরোবে। এ নিয়ে একটা অনিশ্চয়তা, একটা আতঙ্ক সারা দেশে বিরাজ করছে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে আবার একটা নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সুযোগ আমরা পেয়েছি সেই সুযোগ যেন আমরা নষ্ট না করি। গণতন্ত্রের উত্তরণের পথকে যেন আমরা আরো সহজ করে তুলি সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। সব রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব প্রশ্নে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের দিকে এগিয়ে যাই। মওলানা ভাসানীর যে আদর্শ সেই আদর্শকে সামনে রেখে আমরা যেন এখানে (বাংলাদেশে) গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে বাংলাদেশের রাজনীতি একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে চলে যাচ্ছে। কনফিউজ পলিটিকস। এমন এমন জিনিস এখানে এসে ঢুকছে যেটা বাংলাদেশের মানুষ চিন্তাই করতে পারে না।’

তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি যে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ যা দিয়ে একটা ট্রানজিশন টু ডেমোক্রেসি, গণতন্ত্রে আমরা যেতে পারব এবং জনগণের আকাঙ্ক্ষাকে সেখানে আমরা প্রতিফলিত করার চেষ্টা করতে পারব। অনেকটা বিভ্রান্তি, হতাশা এবং অনিশ্চয়তার মধ্য দিয়েও কিন্তু এ নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিছু গোষ্ঠী, কিছু মহল আজকে পরিকল্পিতভাবে এ বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত করতে চায়, বিলম্বিত করতে চায়।

তিনি আরো বলেন, ‘দেশের অর্থনীতির অবস্থা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। নির্বাচিত সরকার না থাকলে এটা খুবই খারাপ হবে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির সদস্য সচিব শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং এসকে সাদীর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, মহিলা দলের হেলেন জেরিন খান, জাসাসের হেলাল খান, কৃষক দলের তকদীর হোসেন মো. জসিম প্রমুখ।