ব্যাংকে জমা উত্তোলনে কর ছাড় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। প্রস্তাবিত বাজেট অনুযায়ী ব্যাংক স্থিতির ওপর প্রযোজ্য আবগারি শুল্ক রেয়াতের বা অব্যাহতির সীমা বিদ্যমান ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে একটি ঋণ হিসাবের বিপরীতে বছরে শুধু একবারই আবগারি শুল্ক কর্তন করার নতুন বিধান প্রণয়নের প্রস্তাব দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে এ ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির উপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি প্রদানের স্বার্থে অব্যাহতির সীমা ৪ লাখ টাকা নির্ধারণের প্রস্তাব করছি।
নতুন এ সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মাঝে ব্যাংকিং চ্যানেলে টাকা রাখার প্রবণতা বাড়বে এবং ক্ষুদ্র সঞ্চয়কারীরা ব্যাংকে আমানত রাখতে আরো উৎসাহিত হবেন বলে ধারণা করা হচ্ছে।










