অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহকে অপসারণ করা হয়েছে। গতকাল বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় সরকার বিভাগের একটি প্রজ্ঞাপনে তাকে এমডির দায়িত্ব থেকে অপসারণ এবং একই সঙ্গে চট্টগ্রাম ওয়াসার বোর্ডও বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৮ (ক) এর অধীনে চট্টগ্রাম ওয়াসার এমডি এ কে এম ফজলুল্লাহকে পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ওয়াসার এমডির দায়িত্ব দেয়া হয়েছে যাতে ওয়াসার নিয়মিত কাজগুলো সুষ্ঠুভাবে চলতে পারে।

একই দিনে জারি করা আরেক প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ আইন, ১৯৯৬ এর সংশোধনী অনুযায়ী চট্টগ্রাম ওয়াসার বোর্ড বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুনভাবে সংশোধিত আইন ২০২৪ এর ধারা ৪২ক (১) এর ভিত্তিতে জনস্বার্থে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

প্রসঙ্গত, প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ চট্টগ্রাম ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে ২০০০ সালে অবসর গ্রহণ করেন। পরে ২০০৯ সালের ৬ জুলাই প্রথমবারের মতো এক বছরের জন্য চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পান। পরে ২০১১ সালে চট্টগ্রাম ওয়াসাতে তাকে এমডি হিসেবে নিয়োগ দেয়া হয়। এমডি পদে থাকার সময় তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগও ওঠে।