বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির প্রথম দিনে ঢাকা-আরিচা
মহাসড়ক অবরোধ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এতে সড়কটিতে
যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আজ রোববার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন। জাবি শিক্ষার্থী ছাড়াও সাভার-আশুলিয়ার
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও রয়েছেন। এ সময় অনেক অভিভাবকরাও এ আন্দোলনে
একাত্মতা প্রকাশ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক তারা
এক দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন
চলমান থাকবে।
এর আগে সকাল ১০টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শহীদ মিনার
প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়ো হন। এ সময় সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের
শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন। পরে দুপুর ১২টায় তারা সেখান থেকে জাবির প্রধান
ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন।










