লক্ষ্মীপুরে প্রতিবন্ধী নির্যাতন ও ঘুস দাবির অভিযোগে ওসিসহ তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল দেলোয়ারা বেগম নামে এক নারী বাদী হয়ে পুলিশের ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে লিখিত অভিযোগ করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে আদালতের বিচারক তারেক আজিজ অভিযোগটি আমলে নিয়ে দুদিনের মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার আদেশ দেন।

অভিযুক্ত তিন পুলিশ কর্মকর্তা হলেন সদর থানার ওসি মোছলেহ উদ্দিন, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম ও এসআই মো. জুয়েল। অভিযোগকারী দেলোয়ারা বেগম লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চনগর এলাকার মৃত আবুল খায়েরের স্ত্রী। নির্যাতনের শিকার হয়েছে তার প্রতিবন্ধী ছেলে আরিফ হোসেন। বাদীপক্ষের আইনজীবী মোসাদ্দেক হোসেন বাবর আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দেলোয়ারা বেগমের সঙ্গে জনৈক খোকন নামে এক ব্যক্তির জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। এর জের ধরে খোকন বিভিন্নজনের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে দেলোয়ারা বেগমের প্রতিবন্ধী ছেলে আরিফ হোসেনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এর পরিপ্রেক্ষিতে স্বপ্রণোদিত হয়ে ৩ জুলাই বিকালে শহর পুলিশ ফাঁড়ির এসআই মো. জুয়েল প্রতিবন্ধী আরিফ হোসেনকে বাড়ি থেকে তুলে এনে আটক রেখে নির্যতান চালান।