মাউন্ট এভারেস্ট জয় করলেন নুরুননাহার নিম্নি। তৃতীয় বাংলাদেশি নারী পর্বতারোহী হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আরোহণের ইতিহাসে নাম লেখালেন তিনি।
আজ নেপালের স্থানীয় সময় ভোর ৫টা ২৪ মিনিটে সফলভাবে এভারেস্টের চূড়ায় আরোহণ করেন নুরুননাহার নিম্নি। অভিযান ব্যবস্থাপনা সংস্থা এইটকে এক্সপেডিশনসের পক্ষ থেকে অ্যাং তেম্বা শেরপা আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেছেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব (বিএমটিসি) জানিয়েছে, চূড়ান্ত অভিযানের অংশ হিসেবে গত সোমবার ৬ হাজার ৪০০ মিটার উচ্চতায় অবস্থিত ক্যাম্প-২ থেকে যাত্রা শুরু করেন নিম্নি। ওই রাত তিনি ৭ হাজার ২০০ মিটার উচ্চতায় ক্যাম্প-৩-তে অবস্থান করেন। গতকাল ভোরে সেখান থেকে রওনা হয়ে দুপুর আড়াইটার দিকে ক্যাম্প-৪-এ পৌঁছান। এর পর প্রয়োজনীয় বিশ্রাম শেষে সন্ধ্যায় শুরু হয় তার চূড়ান্ত সামিট পুশ।
সারারাত প্রতিকূল আবহাওয়া ও দুর্গম পথ অতিক্রম করে আজ ভোরে এভারেস্টের শীর্ষবিন্দুতে পৌঁছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা উড়িয়ে দেন নুরুননাহার নিম্নি। এ সময় তার সঙ্গে ছিলেন দাওয়া নুপু শেরপা ও লাকপা থিনদুক শেরপা।
গত ১১ এপ্রিল নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এ অভিযাত্রী।
বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব বলেছে, নিম্নির এ অনন্য অর্জন বাংলাদেশের পর্বতারোহণের ইতিহাসে এক নতুন মাইলফলক হয়ে থাকবে।
২০১২ সালের ১৯ মে প্রথম বাংলাদেশি নারী হিসেবে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার। একই বছরের ২৬ মে শিখরে ওঠেন ওয়াসফিয়া নাজরীন। এর ১৪ বছর পর ফের কোনো বাংলাদেশি নারী এভারেস্টের চূড়ায় উঠলেন নুরুননাহার নিম্নি।










