ইরাকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশী প্রবাসী মোহাম্মদ শ্রাবণের মরদেহ দেশে পৌঁছেছে। আজ শুক্রবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ। ভোর ৪টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকায় পৌঁছায়।
মোহাম্মদ শ্রাবণ মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ১০ বছর আগে কর্মসংস্থানের উদ্দেশ্যে ইরাকের বাগদাদে যান। সম্প্রতি ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সংঘাতে প্রেক্ষাপটে বাগদাদে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি নিহত হন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। লাশ পরিবহন ও দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা এবং বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা নিহতের স্বজনদের হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
এর আগে ২৫ মে বাগদাদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী দাপ্তরিক পত্রের মাধ্যমে মরদেহ দেশে পাঠানোর বিষয়টি জানান।










