মুন্সিগঞ্জের মিরকাদিমে অগ্নিকাণ্ডের ঘটনায় আটটি ফার্নিচারে দোকানসহ ১১টি দোকান পুড়ে গেছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রাতে হঠাৎ একটি ফার্নিচারের দোকানের ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখে ছুটে আসে লোকজন। পরমুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। যদিও এর আগেই অগ্নিকাণ্ডে পুড়ে যায় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ভেতরে থাকা পুরাতন কাঠ ও ফার্নিচারসহ বিভিন্ন মালামাল।

বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। তবে বিষয়টি পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে তদন্ত করে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় প্রায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। দোকানগুলোতে ফার্নিচার তৈরির শুকনো কাঠের মজুদ থাকায় দ্রুত ছড়িয়েছে আগুন।