লক্ষ্মীপুরে পাওনা ২০০ টাকা না দেয়ায় বৃদ্ধ লোকমান হোসেন (৬৩) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালককে পিটিয়ে ও গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার চর রুহিতা ইউনিয়নের চর রুহিতা গ্রামে এ ঘটনা ঘটে। লোকমান হোসেন একই গ্রামর চৌকিদার বাড়ির মৃত মকবুল আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী মুরাদ, ব্যবসায়ী মাসুদ জানান, চর রুহিতা গ্রামের সিরাজ উল্যা পলোয়ানের ছেলে খোরশেদের অটোরিকশা দৈনিক জমা হিসেবে চালাতেন লোকমান হোসেন। কিছুদিন আগে খোরশেদের রিকশা চালানো বন্ধ করে অন্য রিকশা চালানো শুরু করেন তিনি। এতে লোকমানের কাছে ২০০ টাকা পাওনা হয় খোরশেদের। ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে লোকমানকে রাস্তায় গতিরোধ করে পাওনা টাকা চান খোরশেদ। টাকা পরে দেয়ার কথা বললে খোরশেদ অটোরিকশাচালক লোকমানকে এলোপাতাড়ি পিটিয়ে মাটিতে ফেলে দেন। এক পর্যায়ে তার বুকের ওপর উঠে গলা টিপে হত্যা করেন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে খোরশেদ পালিয়ে যান।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, খোরশেদ ও লোকমানের মধ্যে ২০০ টাকা নিয়ে হাতাহাতি করতে গিয়ে লোকমান নিহত হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।










