নির্বাচন দেরিতে হলে ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দৃশ্যমান উদ্যোগ নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

রোববার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন হলে বিশ্ব মানবাধিকার সংস্থা আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা আরো বাড়বে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের বিষয়ে সরকার কী করবে জনগণের সামনে তা দৃশ্যমান করার দাবি জানাচ্ছি। নির্বাচন প্রক্রিয়া যত দীর্ঘায়িত হবে, চলমান সমস্যা আরো বাড়বে।

রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে মন্তব্য করে তিনি বলেন, জাতির মধ্যে যে অস্থিরতা রয়েছে তা কাটাতে হলে একটি নির্বাচন প্রয়োজন। যত দিন যাচ্ছে গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ বাধাগ্রস্ত করার কূটকৌশল লক্ষ্য করা যাচ্ছে। শুধু পুলিশ দিয়ে নয়, রাজনীতি দিয়ে ফ্যাসিবাদ মোকাবেলা করতে হবে। তাহলেই ফ্যাসিবাদের মূল উপড়ে ফেলা যাবে।

বিএনপি সবার আগে সংস্কার প্রস্তাব দিয়েছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, সংস্কারের প্রথম প্রস্তাবক বিএনপি। দলটি সবার আগে সংস্কারের প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবের সঙ্গে সরকারের কমিশনের খুব বেশি পার্থক্য নেই। গণহত্যার জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনো অনুশোচনা প্রকাশ করতে দেখা যায়নি। বরং তাদের বক্তব্য শুনলে মনে হয় অভ্যুত্থানে অংশ নেয়ারাই অপরাধী। এ অবস্থা থেকে মুক্তি পেতে রাজনৈতিক সংস্কৃতি পাল্টাতে হবে।