নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন মিয়া ওরফে সিটি শাহীন (৩৫) নামে এক তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে গুলিবিদ্ধ হওয়ার পর বিকেলে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
র‍্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যা, ডাকাতি ও মাদকসহ ২৩টি মামলার আসামি ছিলেন নিহত শাহীন মিয়া। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী বলেও জানান র‍্যাব কর্মকর্তা।
এর আগেও তাকে গ্রেফতার করতে গিয়ে ব্যর্থ হয়েছে র‍্যাব। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালায় তারা।