সমস্যাগ্রস্ত ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর (এনবিএফআই) গ্রাহকরা আগামী এক-দুই সপ্তাহের মধ্যেই তাদের আমানত ফেরত পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, বেশ কয়েকটা এনবিএফআইয়ে সমস্যা আছে। আমানতকারীরা ১২ বছর ধরে টাকা পাচ্ছিল না। এগুলোর সমাধান প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী এক-দুই সপ্তাহ পরই গ্রাহকরা তাদের টাকা ফেরত পাবেন।
আজ শুক্রবার বাজেট–পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান গভর্নর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের এ সংবাদ সম্মেলনে ১০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার পাশাপাশি গভর্নরও অংশ নেন। এ সময় তিনি ইসলামী ব্যাংক ও আর্থিক খাতের সংকটসহ বেশ কয়েকটি প্রশ্নের জবাব দেন।
সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, ব্যাংকের এক তৃতীয়াংশ টাকা চুরি হয়ে গেছে। এসব টাকার অনেকটাই পাচার হয়ে গেছে। পাচারকৃত এসব অর্থ ফেরত আনা খুবই কঠিন। বিশ্বে এ হার মাত্র ২ শতাংশ এবং এক্ষেত্রে ১০-১২ বছর সময় লাগে। তবে যারা ব্যাংকের টাকা চুরি করেছে, তাদেরকে আমরা শান্তিতে থাকতে দেব না। এরই মধ্যে বিভিন্ন দেশে এসব অর্থ ফ্রিজ করা হয়েছে।
ব্যাংক খাতের স্থিতিশীলতা নিয়ে গভর্নর বলেন, ইসলামী ব্যাংক নিয়ে নানা কথা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কিছু নিয়ম-নীতি আছে। আমরা সেই নিয়ম-নীতি অনুসরণ করছি। ব্যাংকের প্রয়োজনীয় সব সহায়তা দেয়া হবে। আমার মনে হয় না, আমানতকারীদের অর্থ ফেরত পেতে কোনো অসুবিধা হবে। ব্যাংকগুলোর খেলাপি ঋণ পাঁচ লাখ কোটি টাকা। এ পরিমাণ টাকা রাজস্ব থেকে জোগান দেয়া সম্ভব নয়। তবে যেসব উপায়ে এসব সমস্যার সমাধান করা যায়, আমরা সেগুলো চেষ্টা করছি। আর একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের কার্যক্রম ঠিকভাবেই আগাচ্ছে। এসব ব্যাংকের গ্রাহকরা ঘোষিত স্কিম অনুযায়ী তাদের টাকা পাচ্ছেন।
মোস্তাকুর রহমান বলেন, একদল মানুষ ব্যাংকে টাকা রাখল, আরেক দল চুরি করে নিয়ে গেল। এখন করদাতাদের টাকা দিয়ে এসব ব্যাংকে মূলধন জোগান দেয়া হচ্ছে। এ নিয়ে আমরাও দ্বিধা ও শঙ্কায় থাকি।










