বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকাস্থ মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জ্যাকবসনের বাসভবনে এ বৈঠক শুরু হয় এবং প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বণিক বার্তাকে বলেন, বৈঠকে ফখরুলের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শামা ওবায়েদ বলেন, মার্কিন রাষ্ট্রদূতের আমন্ত্রণে তারা তার বাসভবনে গিয়েছিলেন। নতুন মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং এ বৈঠক সে আলোচনারই অংশ।
তিনি বলেন, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা এবং আসন্ন নির্বাচন নিয়ে বিএনপির দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত এ বিষয়গুলোতে বিএনপির দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেছেন।










