নতুন করে সন্দেহজনক হামে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হামের প্রাদুর্ভাবে দেশে শিশুমৃত্যু ৬০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে গতকাল বিকালে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫১১ শিশু। আর হামে ৯০ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬০১।

মঙ্গলবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশে আরো ১ হাজার ২১০ শিশুর দেহে হামের উপসর্গ থাকার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৭৪ হাজার ৫৭২। এর মধ্যে হাসপাতালে ভর্তি করাতে হয় ৬০ হাজার ১৫৮ শিশুকে।

হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে নতুন রোগী ১ হাজার ৫২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ৩৮৪ জন ঢাকা বিভাগের। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ হাজার ১৩০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন করে হামের রোগী শনাক্ত হয়েছে ৫৫ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৯ হাজার ১৯১ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন করে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর মধ্যে ঢাকা বিভাগের ছয় ও ময়মনসিংহ বিভাগের একজন।

এদিকে হামের উপসর্গ নিয়ে বয়স্করাও হাসপাতালে যাচ্ছেন, যা উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষ করে কিশোর, তরুণদের পাশাপাশি বৃদ্ধ রোগীও পাচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তাদের সুস্থ হওয়ার হার শিশুদের তুলনায় বেশি বলেও জানান তারা।