করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের পরিচালক ওয়াদুদুর রহমান পান্না (৭০)। আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

তিনি বেশ কয়েকদিন ধরে ফুসফুস ও হৃদপিন্ডে সমস্যা নিয়ে চিকিসাধীন ছিলেন। বুকে ব্যাথা ও শ্বাসকষ্ট দেখা দিলে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রথমে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এরপর সকাল সাড়ে ১০টায় গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ব্যক্তিজীবনে তিনি অবিবাহিত ছিলেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের অনকল চিকিৎসক ডা. শৈলেন্দ্র নাখ বিশ্বাস বলেন, সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না করোনা উপসর্গ নিয়ে সকালে হাসপাতালে ভর্তি হয়ে বিকালে মারা গেছেন। তার নমুনা নিয়ে পরীক্ষা করার মত সময় পাওয়া যায়নি। করোনা উপসর্গ থাকায় তাকে হাই ফ্লো ন্যাজেল ক্যানোলা দিয়ে অক্সিজেন দেয়া হয়েছিল।

সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না ষাটের দশকে সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি বাংলার বানী পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৈনিক জন্মভূমি পত্রিকায় দীর্ঘদিন বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পর সম্পাদক শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর মৃত্যুর পর তিনি সম্পাদকের দায়িত্ব নেন। দীর্ঘদিন ওইপদেই তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ওয়াদুদুর রহমান পান্না’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রবিবার সকাল ১০টায় মরদেহ জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনে রাখা হবে। এরপর বাদ জোহর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে দাফন করা হবে। 

তার ইন্তেকালে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। অনুরূপ বিবৃতি প্রদান করেছেন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর নেতারা।