জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজ আত্মপ্রকাশ করতে যাওয়া তরুণদের রাজনৈতিক দলের নাম দেয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’ বা ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। দলটির আহ্বায়ক হিসেবে নাহিদ ইসলাম ও সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। এছাড়া শীর্ষ নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে। জাতীয় নাগরিক কমিটির একজন কার্যনির্বাহী সদস্য বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সাড়ে ১২টায় সরেজমিনে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে দেখা যায়, দল ঘোষণার জন্য বড় মঞ্চ প্রস্তুত করা হয়েছে। আছে ভিআইপি ব্যক্তিদের জন্য আসনের ব্যবস্থা।
সংশ্লিষ্টরা জানান, শুরুতে নতুন দলের নাম ‘বাংলাদেশ গণতান্ত্রিক নাগরিক সংসদ’ রাখার বিষয়ে আলোচনা হয়। পরে ‘জাতীয় নাগরিক পার্টি’ ও ‘বাংলাদেশ নাগরিক পার্টি’ নাম দুটি নিয়ে আলোচনা হয়। শেষ পর্যন্ত গতকাল বিকালের দিকে ‘জাতীয় নাগরিক পার্টি’ নামটি চূড়ান্ত করা হয়। সবকিছু ঠিক থাকলে ‘জাতীয় নাগরিক পার্টি’ হবে তরুণদের নতুন রাজনৈতিক প্লাটফর্ম, যা আজ বেলা ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউতে এক অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ হবে।










