আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তিনি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদা পাবেন। গতকাল তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। এর আগে তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টি থেকে পদত্যাগ করেন।

এছাড়া মো. মিজানুল ইসলামকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে, গাজী মোনাওয়ার হুসাইনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে, বি এম সুলতান মাহমুদকে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে ও আব্দুল্লাহ আল নোমানকে সহকারী অ্যাটর্নি জেনারেলের সমমর্যাদায় প্রসিকিউটর পদে নিয়োগ দেয়া হয়েছে। গত বৃহস্পতি এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর রুনা নাহিদ আকতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।