চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ছাড়া কোনোভাবেই রাস্তা খোঁড়াখুঁড়ি করা যাবে না। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনসহ অন্যান্য সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে।
রোববার (১০ নভেম্বর) নগরীর কালামিয়া বাজারে মশক নিধন ক্রাশ প্রোগ্রাম ও পরিচ্ছন্ন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র এসব মন্তব্য করেন। তিনি বলেন, মশক নিধন অভিযান আরো জোরদার হবে। ওষুধের গুণগতমান ল্যাব টেস্ট করা হবে এবং কোনো ধরনের আপস করা হবে না।
মেয়র শাহাদাত হোসেন আরো জানান, পরিচ্ছন্ন কর্মীদের কাজের মান দেখতে তিনি পরিদর্শন করবেন। তিনি বলেন, বিগত সরকারের সময়ে প্রতি ওয়ার্ডে ৪০-৫০ জন পরিচ্ছন্নকর্মী নিয়োগ দেয়া হয়েছিল। তারা ঠিকমতো কাজ করছে কি না এবার তা দেখা হবে। কাজ না করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
তিনি চট্টগ্রামের নাগরিকদের হোল্ডিং ট্যাক্স দেয়ারও আহ্বান জানান এবং বলেন, বকেয়া ট্যাক্সের লিস্ট আমি দেখেছি।
এছাড়া মেয়র শহরের রাস্তাঘাটের অবস্থা দেখেছেন এবং যেসব রাস্তায় জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, সেগুলো দ্রুত মেরামত করা হবে বলে আশ্বাস দেন। জলাবদ্ধতার মূল কারণ হিসেবে তিনি নালা ও নর্দমা অপরিষ্কারের দিকে গুরুত্বারোপ করেন এবং বলেন, ‘এই শহর আমার একার নয়, সবার। তাই আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’
উল্লেখ্য, আজ রাত থেকেই চসিকের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন মেয়র।










