সরকারি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) কাঁচামাল ক্রয়ে অনিয়ম, অবৈধ আর্থিক লেনদেন ও অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে। দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) দুদকের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানের দুজন কর্মকর্তা সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে নিজেদের কোম্পানি খুলে ইডিসিএলে মালামাল সরবরাহ করেছেন। তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে।
এছাড়া নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মেও প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের টিমের কাছে তথ্য আছে, কয়েকজন কর্মচারীকে শুধু মৌখিক পরীক্ষা নিয়ে চাকরি দেয়া হয়েছে। একই সঙ্গে বিধিবহির্ভূতভাবে বাইরের কোম্পানির মাধ্যমে ওষুধ উৎপাদনের প্রমাণও পাওয়া গেছে।
দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে কমিশনের কাছে বিস্তারিত প্রতিবেদন জমা দেবে।










